Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা: কমিশনার

০৪ সেপ্টেম্বর ২০২৬ • ০১:৪৪ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি:

সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম।


বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


সভায় সিলেট মহানগর সার্বজনীন জন্মাষ্টমী পরিষদ, পূজা উদ্‌যাপন পরিষদ, ইসকন সিলেট মন্দিরের নেতৃবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম বলেন, সুষ্ঠুভাবে জন্মাষ্টমী উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি বলেন, ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির। আয়োজকদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। শোভাযাত্রার সময় ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।


সভায় জন্মাষ্টমীর বিভিন্ন কর্মসূচি, শোভাযাত্রার রুট, নিরাপত্তাব্যবস্থা এবং যানবাহন চলাচলসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।


সভায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সকালে মির্জাজাঙ্গাল থেকে সার্বজনীন জন্মাষ্টমী পরিষদের শোভাযাত্রা বের হবে। এর আগে সকাল ৯টায় ইসকন সিলেট মন্দির থেকে পৃথক একটি জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।


শোভাযাত্রা ও ধর্মীয় কর্মসূচিগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ ও আয়োজকদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শোভাযাত্রার সময় নগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com