Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালানো আসির গ্রেপ্তার

০৪ সেপ্টেম্বর ২০২৬ • ০১:৩৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

হ্যান্ডকাফ পরানো অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আলোচিত আসামি আসির মিয়া (৩০) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে আসির মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।


গ্রেপ্তার আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামোদরদপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।


যেভাবে পালিয়েছিলেন


বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আত্মীয়-স্বজনের মাধ্যমে আসির মিয়া হ্যান্ডকাফসহ পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের হেফাজত থেকে পালানোর পর হ্যান্ডকাফ পরা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান জানানোর বিষয়টিও আলোচনায় আসে। এ ঘটনার পর তাকে পুনরায় গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে পুলিশ।


পুলিশ জানায়, আসির মিয়াকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার সময় তার আত্মীয়-স্বজনের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও দস্তাদস্তি হয়। এ সময় সুযোগ বুঝে তিনি হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান। পরে তাকে গ্রেপ্তারে শান্তিগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালায়।


ঘটনার পর থেকেই জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশ তাকে ধরতে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে আসছিল।


এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্টে আসির মিয়ার অবস্থানের খবর পায় পুলিশ। পরে সদর থানার ওসি রতন শেখের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।


অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশনসহ ডিবির সদস্যরা এবং সদর থানার এসআই জহির হোসেন অংশ নেন।


একপর্যায়ে পানসি রেস্টুরেন্ট থেকেই আসির মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।


হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসার ঘটনায় আসির মিয়াকে নিয়ে যখন এলাকায় নানা আলোচনা চলছিল, তখনই পুলিশের অভিযানে তার পলাতক থাকার অবসান ঘটে।


পুলিশ জানিয়েছে, বর্তমানে আসির মিয়া তাদের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন channeljaintanews24.com