Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

মধ্যনগরে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, সাংবাদিকসহ ৪৮ জনের নামে মামলা

৩১ আগস্ট ২০২৬ • ১১:০৪ অপরাহ্ন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে একটি বেসরকারি টেলিভিশন ও জাতীয় দৈনিকের তাহিরপুর প্রতিনিধি সাংবাদিক শওকত হাসান সৈকতের নামও রয়েছে।


রোববার (৩০ আগস্ট) বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শাহজাহান বাদী হয়ে মধ্যনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় মামলাটি দায়ের করেন। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে মধ্যনগর উপজেলার ১ নম্বর বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকায় মধ্যনগর-তাহিরপুর সীমান্ত সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন।


এ সময় মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন-১’ লেখা ব্যানার ব্যবহার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়।


মামলার ১৬ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের বাসিন্দা এবং দৈনিক কালবেলা ও আরটিভির তাহিরপুর প্রতিনিধি শওকত হাসান সৈকতকে।


তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাংবাদিক শওকত হাসান সৈকত। তিনি বলেন, “ঘটনার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। মিছিলের সময় আমি ঘটনাস্থলেই উপস্থিত ছিলাম না।” নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তিনি।


মামলার অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সদস্য আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজন চন্দ, রোমান মিয়া এবং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমদ। এ ছাড়া তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও মামলায় আসামি করা হয়েছে।


মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


পুলিশ জানিয়েছে, মামলায় উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com