ছাতক প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৩০ আগস্ট) তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। পরে সিলেটের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তাঁর পারিবারিক ও রাজনৈতিক সূত্রে জানা গেছে।
মিজানুর রহমান চৌধুরী মিজানের আশু রোগমুক্তি কামনায় দেশ-বিদেশে অবস্থানরত তাঁর শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী, স্বজন ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে তাঁর সুস্থতা কামনায় সোমবার (৩১ আগস্ট) বাদ আসর ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে সকলের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে বিকেল সাড়ে ৪টার মধ্যে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আয়োজকরা মিজানুর রহমান চৌধুরী মিজানের দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তির জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।