Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ঢাকায় গ্রেপ্তার

৩০ আগস্ট ২০২৬ • ০৪:৩৪ অপরাহ্ন

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এ সময় তিনি বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে একজন রোগীকে দেখতে গিয়েছিলেন।


ভাটারা থানা পুলিশের একটি সূত্র জানায়, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরও মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


গ্রেপ্তারের পর তাকে বিয়ানীবাজার থানায় নিয়ে আসার জন্য থানা পুলিশের একটি দল ঢাকায় যায়। পরে রোববার দুপুর ২টার দিকে ভাটারা থানা পুলিশ তাকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে একটি সূত্র জানিয়েছে। তবে তাকে বিয়ানীবাজারে না এনে সরাসরি সিলেট আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হতে পারে বলেও জানা গেছে।


বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “ভাটারা থানা পুলিশ শনিবার রাত ১১টার দিকে আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিয়ানীবাজারে চারটিসহ বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে।”


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিয়ানীবাজার থানায় আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে প্রথম মামলা করা হয়। একই বছরের ২০ আগস্ট তারক হত্যা মামলায় তাকে আসামি করা হয়। এরপর ২৬ আগস্ট আরও দুটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। সর্বশেষ গত ১১ আগস্ট বিয়ানীবাজার থানায় তাকে প্রধান আসামি করে আরও একটি মামলা করা হয়। ওই মামলায় পল্লব ছাড়াও আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ২৪ জনকে আসামি করা হয়েছে।


আবুল কাশেম পল্লব বিয়ানীবাজারের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।


২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবার বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন পল্লব। পরে ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে ২০০৯ সালে ছাত্রাবস্থায় তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।


এ ছাড়া ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন আবুল কাশেম পল্লব।


গ্রেপ্তারের পর তাকে কোন মামলায় আদালতে হাজির করা হবে এবং আদালতের পরবর্তী নির্দেশনা কী হবে—তা নিয়ে পুলিশের পক্ষ থেকে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হতে পারে।

বিজ্ঞাপন channeljaintanews24.com