সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরসংলগ্ন তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় শ্রীপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে নিজ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। সরকারি গেজেটেও মো. উস্তার আলী আখঞ্জীকে তাহিরপুর উপজেলার তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
তাহিরপুর থানা পুলিশের একটি চৌকস দল তাঁর মরদেহে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা প্রশাসনের প্রতিনিধি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনউর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নওশাদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
উস্তার আলী আখঞ্জী ১৯৪৬ সালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরসংলগ্ন তরং গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজে একজন সৎ, ধর্মপরায়ণ, সহজ-সরল ও আদর্শবান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের স্বাধীনতার জন্য তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযুদ্ধের ৫ নম্বর সাব-সেক্টর টেকেরঘাটে তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর আবারও শিক্ষকতা পেশায় ফিরে গিয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, নীতি-নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা ছড়িয়ে দেন।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সাবেক শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী আখঞ্জীর মৃত্যুতে টাঙ্গুয়ার হাওরপাড়ের তরং গ্রামসহ তাহিরপুরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন, মহান মুক্তিযুদ্ধে অবদান এবং আদর্শিক জীবনযাপনের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন স্বজন, সহকর্মী, সাবেক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা মো. জুনাব আলী, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম (সুবল), সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক-গীতিকবি রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, সাংবাদিক রুকন মিয়া, সাংবাদিক সৈকত আহমদ এবং সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতির যুগ্ম আহ্বায়ক ভাটির বাউল আবুল কালাম সরকারসহ বিশিষ্টজনেরা।
মহান মুক্তিযুদ্ধের এই বীর যোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করে এলাকাবাসী বলেন, দেশ স্বাধীন করতে যাঁরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, উস্তার আলী আখঞ্জী তাঁদেরই একজন। তাঁর মুক্তিযুদ্ধের গৌরব, দীর্ঘ শিক্ষকতা জীবন ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।