বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বাদ জোহর বিশ্বনাথ কামিল মাদরাসা প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে হাজারো নবীপ্রেমিক, শিক্ষার্থী, আল-ইসলাহ ও তালামীযের নেতৃবৃন্দ অংশ নেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাদ জোহর বিশ্বনাথ কামিল মাদরাসা থেকে বর্ণাঢ্য মুবারক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্বনাথ কামিল মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।
র্যালিতে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে রচিত বিভিন্ন কবিতার শ্লোক সংবলিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। আশিকে রাসূল ছাত্র-জনতার কণ্ঠে প্রিয়নবী (সা.)-এর প্রশংসাগীতি ও নাত পরিবেশিত হয়। ‘সালাম সালাম নবী সালাম সালাম’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’, ‘বালাগাল উলা বি-কামালিহি’, ‘শামসুদ্দোহা আসসালাম’সহ বিভিন্ন নাতের সুমধুর সুরে বিশ্বনাথের পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আল-ইসলাহর উপদেষ্টা মাওলানা আখতার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম। সভায় বক্তব্য দেন বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা নেছার আহমদ ও দশঘর দারুল কোরআন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা খায়রুল ইসলাম।
সাবেক তালামীযের সভাপতি আব্দুল মোক্তাদির ফয়ছল ও হুসাইন আহমদ রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সেক্রেটারি মাওলানা ইসলাম লতিফি।
এ সময় উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি সুফি সামসুল ইসলাম, উপজেলা আল-ইসলাহর উপদেষ্টা তালুকদার ফয়জুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা লুৎফুর রহমান গোয়াহরি, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আকমল হোসেন শাকুর, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সামসুল ইসলাম, মুফতি আব্দুল মোমিন, মাওলানা শেখ সাহিদুর রহমান, পৌর আল-ইসলাহর সেক্রেটারি মাওলানা হেলাল আহমদ, ক্যাশিয়ার শেখ শাহজাহান, ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল মোসাব্বির, সেক্রেটারি মাওলানা মনজুর আহমদ, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা তালামীযের সহ-সভাপতি সাব্বির আহমদ, পৌর তালামীযের সাবেক সভাপতি রুহুল আমিন তালুকদার, বিশ্বনাথ উপজেলা তালামীযের সভাপতি নুরুল ইসলাম মুবিন, সেক্রেটারি নাজিম উদ্দিন, পৌর তালামীযের সভাপতি আউয়াল হোসেন পারভেজ ও সেক্রেটারি জাবের আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মুসলিম সমাজে নবীপ্রেম ও তাঁর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে মীয়ার মাজার ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।