Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | ১০:০১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নয়, হবে পূর্ণাঙ্গ স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | ১০:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাব্য তিনটি স্থান পরিদর্শন করা হয়েছে। স্থানগুলো যাচাই-বাছাই করে স্থানীয় জনগণের জন্য সবচেয়ে উপযোগী জায়গাটি নির্বাচন করে দ্রুত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।


শনিবার (২৯ আগস্ট) দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ২০১টি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে, কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং কিছু প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে। অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কাজ শুরু করা হবে।


তিনি বলেন, দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য ইতোমধ্যে তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। স্থানগুলো যাচাই-বাছাই করে এমন একটি জায়গা নির্বাচন করা হবে, যা স্থানীয় সাধারণ মানুষের জন্য সবচেয়ে সুবিধাজনক।


প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের স্থান নির্বাচনের ক্ষেত্রে দর্শকদের সুবিধার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। এমন জায়গা বাছাই করা হবে, যেখানে দর্শকরা সহজে এসে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারেন। পাশাপাশি খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হবে।


মো. আমিনুল হক বলেন, দক্ষিণ সুরমায় শুধু একটি মিনি স্টেডিয়াম নয়, বরং একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এ ধরনের একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের জন্য প্রায় পাঁচ থেকে ছয় একর জায়গার প্রয়োজন হবে। তাই প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় কমানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।


তিনি বলেন, “আমরা চেষ্টা করছি, যেখানে সরকারি খাস জমি পাওয়া যাবে, সেখানে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিতে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় কমানো সম্ভব হবে।”


প্রতিমন্ত্রী আরও জানান, প্রয়োজনীয় জমি নির্ধারণ ও যাচাই-বাছাই শেষে দ্রুত ডিপিপি প্রণয়ন করে স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।


শনিবারের স্থান পরিদর্শনকালে সংসদ সদস্য এম এ মালিক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুদ্দোজা সেলিম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা এবং দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ হলে এ অঞ্চলের খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণ ও ক্রীড়া অবকাঠামোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৯.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com