Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
অল্পের জন্য রক্ষা পেলেন চালক, ব্রিজের সংযোগ সড়ক সংস্কারের দাবি

ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে

২৯ আগস্ট ২০২৬ • ০১:৪৬ পূর্বাহ্ন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারের শেষ প্রান্তে নিজামপুর বাগবাড়ি ব্রিজের কাছে সড়কের ভাঙা অংশে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই একটি হেন্ট্রলি খাদে পড়ে গেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়িটির চালক। দুর্ঘটনায় চালকসহ কেউ হতাহত হননি।


শুক্রবার (২৮ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৪৩ বস্তা ধানবোঝাই গাড়িটি ধর্মপাশা থেকে মধ্যনগরের দিকে যাচ্ছিল। নিজামপুর বাগবাড়ি ব্রিজের কাছাকাছি সড়কের ভাঙা অংশে পৌঁছালে গাড়িটির গিয়ার বিকল হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।


স্থানীয়দের তথ্যমতে, দুর্ঘটনার সময় গাড়িটিতে ৪৩ বস্তা ধান ছিল। এসব ধান কুড়ি কাওনিয়া এলাকার ব্যবসায়ী ময়না মিয়ার বলে স্থানীয়রা জানিয়েছেন।


দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গাড়িটি খাদে পড়ে থাকতে দেখা যায়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় গাড়ির চালকসহ কেউ আহত হননি।


স্থানীয়রা জানান, ধর্মপাশা ও মধ্যনগরসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের চলাচলের জন্য নিজামপুর বাগবাড়ি ব্রিজসংলগ্ন সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি কৃষিপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী যান চলাচল করে।


তাদের অভিযোগ, ব্রিজের সংযোগ সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। ফলে স্বাভাবিকভাবে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। বিশেষ করে যানবাহনের যান্ত্রিক ত্রুটি কিংবা চালকের সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কের ভাঙা অংশে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহন হওয়ায় দ্রুত সংস্কার করা জরুরি।


তারা আরও বলেন, নিজামপুর বাগবাড়ি ব্রিজের সংযোগ সড়কের ভাঙা অংশটি দ্রুত সংস্কার করা হলে যানবাহন চলাচল নিরাপদ হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকটা কমে আসবে।


এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি পরিদর্শন করে ভাঙা অংশ সংস্কার এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন channeljaintanews24.com