Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | ১১:০৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | ১১:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্য দেশের জন্য গৌরবের। এই অর্জন ধরে রাখতে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। প্রযুক্তির সঠিক ব্যবহার করে আধুনিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।


জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে সফল হতে হলে পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে। একই সঙ্গে জৈন্তাপুর উপজেলার শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানান তিনি।


অনুষ্ঠানে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটুসহ সংশ্লিষ্টরা।


অনুষ্ঠানে অতিথিরা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


এ ছাড়া প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জৈন্তাপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।


অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com