Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
দিরাইয়ে ১,৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাদকবিরোধী কমিটির অভিযানে ৭ লাখ টাকার ইয়াবাসহ আটক

২৫ আগস্ট ২০২৬ • ১১:৪৫ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকা থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীষ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।


সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজের ওপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্যরা শীষ আহমেদকে আটক করেন। পরে তাকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামারচর এলাকায় ইয়াবা বিক্রির খবর পেয়ে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা খালপাড় হাটি ব্রিজ এলাকায় অবস্থান নেন। সেখানে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় শীষ আহমেদকে আটক করা হয়। পরে খবর পেয়ে দিরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার হেফাজতে থাকা সাতটি জিপারে রাখা ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।


গ্রেপ্তার শীষ আহমেদ সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিন ওরফে তারা মৌলভীর ছেলে।


শ্যামারচর মাদকবিরোধী ঐক্যের অন্যতম সমন্বয়কারী তোফায়েল আহমেদ বলেন, তাদের এলাকা মাদকের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় যুবকেরা মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। ইতোমধ্যে তারা কয়েকজনকে মাদকসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।


তিনি বলেন, “গতকাল শীষ আহমেদকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। আমরা এ অভিযান অব্যাহত রাখতে চাই। এলাকার মুরুব্বিরাও আমাদের সঙ্গে আছেন। যুবসমাজকে রক্ষা করতে এখনই মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে দেশ ও সমাজ বড় ধরনের সংকটের মুখোমুখি হবে।”


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com