Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের উদ্বোধনে আসছেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

২৫ আগস্ট ২০২৬ • ১২:২৫ পূর্বাহ্ন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেটে আসছেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী। এদিন দুপুর সাড়ে ১২টায় নগরীর হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম উদ্বোধন করা হবে। পরে বেলা ১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। উদ্বোধক হিসেবে থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের।


এর আগে রোববার (২৩ আগস্ট) হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এসব তথ্য জানান।


সংবাদ সম্মেলনে সিউকের চেয়ারম্যান বলেন, সিলেটকে পরিকল্পিত, সমন্বিত, আধুনিক ও বিশ্বমানের পর্যটন নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হচ্ছে। নগরীসহ আশপাশের প্রায় ৯৯৫ বর্গকিলোমিটার এলাকা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।


তিনি বলেন, সিলেটের উন্নয়ন কার্যক্রমে সরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সিলেটের নগর উন্নয়ন, পর্যটন ও অবকাঠামোগত উন্নয়নকে আরও পরিকল্পিত ও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হবে।


সিউক চেয়ারম্যান আরও জানান, সিলেটের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি আধুনিক ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নগর ও এর আশপাশের এলাকার উন্নয়ন পরিকল্পনাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার লক্ষ্য রয়েছে কর্তৃপক্ষের।


মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।


সংশ্লিষ্টরা বলছেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলে নগরীর অপরিকল্পিত সম্প্রসারণ রোধ, অবকাঠামো উন্নয়ন, পর্যটন বিকাশ এবং দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন channeljaintanews24.com