দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার রজনীগঞ্জ-টানাখালী এলাকায় কালনী নদী থেকে লাকি বেগম (৩০) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার (২৪ আগস্ট) সকালে টানাখালী এলাকার কালনী নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত লাকি বেগম দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আব্দুস শহিদ মিয়ার মেয়ে। নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে তার পরিচয় নিশ্চিত করেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, লাকি বেগম গত প্রায় ১১ মাস ধরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সলফ গ্রামের কামাল মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। বিবাহবিচ্ছেদের পর তিনি স্বজনদের আশ্রয়ে বসবাস করতেন। তার বাবা-মা ও একমাত্র ভাই আগেই মারা গেছেন বলে স্বজনরা জানিয়েছেন।
গৃহকর্তা কামাল মিয়ার দাবি, গত ২১ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে লাকি বেগম কাউকে কিছু না জানিয়ে ঘরের কিছু চাবি ও নিজের কাপড়ের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ/জিডি করা হয়।
তবে লাকি বেগমের মৃত্যুকে স্বাভাবিক ঘটনা হিসেবে মানতে নারাজ তার স্বজনরা। নিহতের ছোট চাচা দবির মিয়া অভিযোগ করে বলেন, তার এতিম ভাতিজিকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিচার দাবি করেন তিনি।
এদিকে, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ কালনী নদী থেকে লাকি বেগমের মরদেহ উদ্ধার করেছে। পরে স্বজনরা তার পরিচয় শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে পুলিশের বরাতে বলা হয়েছে, উদ্ধারের সময় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং হাতে ব্যান্ডেজ ও রক্তের দাগ দেখা গেছে। এ ঘটনায় তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিখোঁজের তিন দিন পর নদী থেকে লাকি বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।