স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহে ‘জিরো টলারেন্স’
অনলাইন ডেস্ক।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো জোটে না গিয়ে এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গ করে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে দলের হাইকমান্ড ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্ব দিয়েছেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরপরই তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণ করবেন সংশ্লিষ্ট জেলা বিএনপির নেতারা। কোনো বিষয়ে জেলা পর্যায়ে সমাধান না হলে কেন্দ্রীয়ভাবে তা নিষ্পত্তি করা হবে।
তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন রিজভী। এ বিষয়ে দলের হাইকমান্ড ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলেও জানান তিনি।
সরকারের উন্নয়ন তুলে ধরার নির্দেশ
বৈঠকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান রিজভী।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজকোষ খালি করে যাওয়া হয়েছে। এরপরও বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি।
তৃণমূল শক্তিশালী করতে ধারাবাহিক বৈঠক
এর আগে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিজভী জানান, দলের তৃণমূল সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে এ ধরনের বৈঠক করছেন দলীয় চেয়ারম্যান। প্রতি বৃহস্পতিবার ও শনিবার এসব সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, কৃষক দলের সভাপতি মো. হাসান জাফির তুহিন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম যাকারিয়াসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত এবং দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণায় তৃণমূল পর্যায়ে প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে দলীয় শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছে বিএনপির হাইকমান্ড।