জগন্নাথপুরে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন। শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়নপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০) ও নারায়নপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০)। আহত দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়নপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া ও একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে আতাব মিয়ার পক্ষের মিসবাহ উদ্দিন ও আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ ঘটনাস্থলে নজরদারি বাড়িয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।