Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | ১০:৫০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ফারুকের শেষ বিদায়ে কান্না, চোরাচালান বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | ১০:৫০ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি :


সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী সুরইঘাট বাজারে চোরাচালানের ভারতীয় জিরা বোঝাই পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়ে নিহত ফারুক আহমদ (৫৫)-এর দাফন সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) কানাইঘাট সদর ইউনিয়নের আগ্রীপাড়া জামে মসজিদ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত মানুষ অংশ নেন। পরে নিজ গ্রামের আগ্রীপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


ময়নাতদন্ত শেষে ফারুক আহমদের মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি সুরইঘাট-বড়বন্দ সীমান্ত এলাকায় বেপরোয়া চোরাচালান বন্ধে প্রশাসনের কাছে জোর দাবি জানান।


এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত ফারুক আহমদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাঁর বাড়িতে যান কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। ইউএনওর সেখানে যাওয়ার খবর পেয়ে জানাজায় অংশ নেওয়া এলাকাবাসীও নিহতের বাড়িতে জড়ো হন। এ সময় তাঁরা ইউএনওর কাছে ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।


স্থানীয়দের দাবি, ফারুক আহমদ একজন হতদরিদ্র দিনমজুর ছিলেন। সুরইঘাট বাজারে বিভিন্ন মালামালের বস্তা বহন করে তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন।


এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার রাতে সুরইঘাট বাজারে চোরাইপণ্য বহনকারী পিকআপটি বিজিবির সদস্যরা ধাওয়া করে বাজার পর্যন্ত নিয়ে আসে। একপর্যায়ে পিকআপের গ্লাস লাঠি দিয়ে ভেঙে দেওয়া হয়। পরে চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ইট নিক্ষেপ করেন বলে তাঁদের দাবি। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফারুক আহমদ ও আম্বিয়া মিয়াকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।


তবে এসব অভিযোগের বিষয়ে বিজিবির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


স্থানীয়রা সীমান্ত এলাকা, সুরইঘাট বাজার ও আশপাশে বেপরোয়া চোরাচালান বন্ধ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, “আমি সদ্য কানাইঘাটে যোগদান করেছি। সকল মহলের সহযোগিতা নিয়ে চোরাচালান প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”


নিহত ফারুকের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে ইউএনও আরও বলেন, মামলার মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা হবে। সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর মাধ্যমে পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী দেওয়া হয়।


এর আগে ইউএনও সুমাইয়া ফেরদৌস সুরইঘাট বাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য নেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, কানাইঘাট সদর ইউপি বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এদিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ফারুক আহমদ নিহতের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে তাঁর পরিবারের সদস্যরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com