বিজিবি পরিচয়ে হোটেলে কক্ষ ভাড়া, টিভিসহ মালামাল চুরি; যুবক গ্রেফতার
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে আবাসিক হোটেলে অবস্থান এবং পরে সেখান থেকে টেলিভিশনসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তি হলেন মো. সাইফুর রহমান রুনেল (৩৯)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট দুপুর ৩টার দিকে রুনেল নিজেকে বিজিবির সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌর শহরের জাকারিয়া আবাসিক হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। হোটেল কর্তৃপক্ষ তাঁকে ২০৩ নম্বর কক্ষ বরাদ্দ দেয়।
অভিযোগ রয়েছে, হোটেলে অবস্থানকালে তিনি মাঝেমধ্যে বাইরে যাতায়াত করতেন এবং প্রায়ই বিজিবির লোগো সংবলিত পোশাক পরতেন। তাঁর সঙ্গে বিজিবির পোশাকের অনুরূপ কাপড় ও লোগোযুক্ত একটি ট্রাভেল ব্যাগও ছিল।
গত ২০ আগস্ট বিকেল ৪টার দিকে ওই ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বের হয়ে যান। এ সময় হোটেল কর্মচারী তাঁর গন্তব্য সম্পর্কে জানতে চাইলে বাইরে কাজ শেষে আবার হোটেলে ফিরে আসবেন বলে জানান। পরে ২০৩ নম্বর কক্ষের চাবি হোটেল বয় ওবায়দুর মিয়ার কাছে রেখে চলে যান।
রুনেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হয়ে যাওয়ায় ম্যানেজারের সন্দেহ হয়। পরে তিনি হোটেল বয়কে সঙ্গে নিয়ে কক্ষটি খুলে দেখতে পান, সেখানে থাকা ২৪ ইঞ্চি একটি এলইডি টিভি, বাথরুমের একটি আয়না, একটি বেসিন সেলফ ও একটি তোয়ালে নেই।
বিষয়টি হোটেল মালিককে জানানো হলে স্থানীয়দের সহযোগিতায় ছাতক থানার জাউয়া বাজার এলাকা থেকে রুনেলকে আটক করা হয়। পরে তাঁকে দিরাই থানায় নিয়ে আসা হয়। এ সময় তাঁর কাছ থেকে হোটেল থেকে চুরি হওয়া মালামাল শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পুলিশের জিজ্ঞাসাবাদে রুনেল নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়া, সরকারি বাহিনীর পোশাক ব্যবহার এবং হোটেলের কক্ষ থেকে মালামাল নেওয়ার কথা স্বীকার করেছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি দিরাইয়ের একটি আবাসিক হোটেলে অবস্থান করেন এবং সেখান থেকে মালামাল চুরির অভিযোগ ওঠে। হোটেল কর্তৃপক্ষের সহায়তায় তাঁকে আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয় ব্যবহারসহ হোটেল থেকে মালামাল নেওয়ার কথা স্বীকার করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় চুরির মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।