Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সারাদেশে রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
মির্জা ফখরুলের ঐতিহাসিক অর্জনে শামারুহ মির্জার আবেগঘন পোস্ট

রাষ্ট্রপতি বাবার হাতে ফুল, মেয়ের মুখে ‘ধন্যবাদ, কৃতজ্ঞতা’

২১ আগস্ট ২০২৬ • ১০:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:


বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাবার এই ঐতিহাসিক অর্জনের মুহূর্তে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর মেয়ে শামারুহ মির্জা। শুক্রবার (২১ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে মাত্র দুই শব্দে অনুভূতি প্রকাশ করেন তিনি—‘ধন্যবাদ, কৃতজ্ঞতা।’ 


ছবিতে দেখা যায়, জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে লাল গোলাপ তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। পরে দুজন করমর্দন করেন। এ সময় সংসদ সদস্যরা করতালি দিয়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। 


বাবার দীর্ঘ রাজনৈতিক পথচলা, নানা চড়াই-উতরাই ও সংগ্রামের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ার মুহূর্তে শামারুহ মির্জার সংক্ষিপ্ত এই বার্তাকে পারিবারিক আবেগ ও আনন্দের প্রকাশ হিসেবে দেখছেন অনেকে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ভোট পড়েছে ৩৪৩টি। 


ফল ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসন থেকে উঠে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। 


রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ছিলেন। দলীয় প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর তিনি মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়ান।


দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার মুহূর্তে মেয়ের মাত্র দুই শব্দের বার্তা—‘ধন্যবাদ, কৃতজ্ঞতা’—ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হয়েছে আগ্রহ।

বিজ্ঞাপন channeljaintanews24.com