Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
২০ থেকে ২৯ আগস্ট ১০ দিনব্যাপী শুমারি: সঠিক তথ্য দিতে নৌযান মালিক-চালকদের আহ্বান

দেশে প্রথম নৌযান শুমারি, সিলেটে সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

২১ আগস্ট ২০২৬ • ১০:০৮ অপরাহ্ন

দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘নৌযান শুমারি ২০২৬’। দেশের নৌপরিবহন খাতের সঠিক তথ্যভান্ডার তৈরি, নৌযান ও নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী সারাদেশে একযোগে এ শুমারি পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে সিলেটেও চলছে নৌযান শুমারি কার্যক্রম।


শুমারি সফল করতে নৌযান মালিক, চালক, মাঝি ও নৌযান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।


শুক্রবার (২১ আগস্ট) সিলেট জেলা পরিসংখ্যান অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নৌযান শুমারি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শেষে তিনি এ আহ্বান জানান।


জেলা প্রশাসক বলেন, দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি অনুষ্ঠিত হচ্ছে। ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী সারাদেশের মতো সিলেটেও এ কার্যক্রম চলবে। শুমারির আওতায় ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি নৌযানের মালিক, চালক, মাঝি এবং নৌযান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির তথ্যও সংগ্রহ করা হবে।


তিনি আরও বলেন, নৌযানের নিরাপত্তা, নৌযানে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা এবং নৌযান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের নৌপরিবহন খাতের উন্নয়নে সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুমারি থেকে পাওয়া তথ্য ভবিষ্যতে সঠিক পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এর আগে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীনসহ জেলা প্রশাসন, জেলা পরিসংখ্যান অফিস এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


জেলা প্রশাসনের পক্ষ থেকে নৌযান শুমারি কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com