Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি খেলাধূলা রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
ইতালির তৃতীয় বিভাগের রাভেন্নায় যোগ, সমুদ্রসৈকতে ৬ হাজার ভক্তের ‘রোনালদিনিও ডে’

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনিও? ৪৬-এ ব্রাজিল কিংবদন্তির নতুন চমক

২১ আগস্ট ২০২৬ • ০৯:৫৬ অপরাহ্ন

পেশাদার ফুটবলে রোনালদিনিওকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৫ সালে ফ্লুমিনেন্সের জার্সিতে। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়া ব্রাজিলের এই কিংবদন্তি এবার ৪৬ বছর বয়সে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার সম্ভাবনা তৈরি করেছেন। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (২০ আগস্ট) রাভেন্নার মারিনা সমুদ্রসৈকতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোনালদিনিওকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। বৃষ্টিবিঘ্নিত আবহাওয়াতেও তাঁকে দেখতে প্রায় ৬ হাজার দর্শক সেখানে জড়ো হন। দিনটি ইতোমধ্যে ‘রোনালদিনিও ডে’ হিসেবে পরিচিতি পেয়েছে।


অনুষ্ঠানে রোনালদিনিও রাভেন্নার ১০ নম্বর জার্সি তুলে ধরেন। তাঁর আগমনকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। রাভেন্নার হয়ে তিনি মাঠে নামবেন কি না—এ প্রশ্নও ওঠে। তবে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা সরাসরি বিষয়টি নিশ্চিত করেননি।


রোনালদিনিও বলেন, তিনি খেলবেন কি না, সেটি কোচের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। একই সঙ্গে ইতালিতে ফিরে আসতে পেরে নিজের আনন্দের কথাও জানান।


তবে মাঠে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। নিজের ফিটনেস নিয়েও আশাবাদী তিনি। ক্যারিয়ারের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন রোনালদিনিও। রাভেন্নার মালিকপক্ষও জানিয়েছে, তাঁকে অন্তত একটি ম্যাচে মাঠে নামানোর আশা রয়েছে।


রোনালদিনিওর শেষ পেশাদার ম্যাচ ছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে ফ্লুমিনেন্সের হয়ে। এরপর বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও ফুটসালে অংশ নিলেও সেগুলো প্রতিযোগিতামূলক পেশাদার ফুটবলের অন্তর্ভুক্ত নয়। ফলে রাভেন্নার হয়ে মাঠে নামলে প্রায় ১১ বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যাবে তাঁকে।


ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা, পিএসজি, এসি মিলান, আতলেতিকো মিনেইরো, ফ্লুমিনেন্স, কেরেতারো, ফ্লামেঙ্গো ও গ্রেমিওর মতো দলে খেলেছেন রোনালদিনিও। ব্রাজিলের হয়ে ৯৭ ম্যাচে করেছেন ৩৩ গোল। ২০০২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি কোপা আমেরিকা ও ফিফা কনফেডারেশনস কাপও জিতেছেন তিনি।


রাভেন্না ২০২৬-২৭ মৌসুমে ইতালির সিরি ‘সি’-তে খেলবে। আগামী সোমবার রেজিয়ানা ম্যাচ দিয়ে তাদের নতুন মৌসুম শুরু হওয়ার কথা। তবে রাভেন্নার মালিকপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ম্যাচে রোনালদিনিওর মাঠে নামার সম্ভাবনা নেই।


৪৬ বছর বয়সে রোনালদিনিওর এই নতুন অধ্যায় তাই এখন শুধু রাভেন্না নয়, পুরো ফুটবলবিশ্বেরই আগ্রহের কেন্দ্রবিন্দু—শেষ পর্যন্ত কি সত্যিই আবার প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যাবে ‘জোগা বনিতো’র সেই জাদুকরকে?

বিজ্ঞাপন channeljaintanews24.com