জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত বাড়িগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।
পরিদর্শনকালে ইউএনও জানান, সম্প্রতি অগ্নিকাণ্ডে দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসন রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই নগদ অর্থ ও ঢেউটিন দেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকেও অনুদান দেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশাররফ হোসেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি এনামুল হক মুন্নাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখলাছুর রহমানের বসতঘর এবং পার্শ্ববর্তী বাবরের দুটি ঘর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ঘরগুলোর আসবাবপত্রসহ সব ধরনের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এতে এখলাছুর রহমানের প্রায় ২০ থেকে ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাড়ি পরিদর্শন ও সহায়তার আশ্বাস দেওয়ায় ইউএনও ও পিআইওসহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক প্রধান শিক্ষক এখলাছুর রহমান।