Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি আইন আদালত রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কারাগার থেকে মুক্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

১৯ আগস্ট ২০২৬ • ১০:৪৩ অপরাহ্ন

কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্ত হন। কারা অধিদফতরের একটি নির্ভরযোগ্য সূত্র তাঁর মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।


রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান সাবেক এই প্রধান বিচারপতি। এর আগে পৃথক আটটি মামলায় জামিন পেলেও বনানী থানার ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২ জুলাই আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।


তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই এ বি এম খায়রুল হককে ওই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।


এরপর গত ২৭ জুলাই নিম্ন আদালতে তাঁর জামিন আবেদন নামঞ্জুর হয়। পরে ৯ আগস্ট তিনি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে ১০ আগস্ট হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিনের ধারাবাহিকতায় বুধবার তাঁর কারামুক্তি হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মহাখালীর সেতু ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে তাঁদের ওপর অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।


এ ঘটনায় উজ্জ্বল মিয়াসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। পরে আহত উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।


জামিনের পর বুধবার কারাগার থেকে মুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

বিজ্ঞাপন channeljaintanews24.com