সিলেট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী মো. সোরমান আলীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার রাতে বাংলাদেশ সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানের মেমোরিয়াল স্লোন কেটারিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী মো. সোরমান আলী ইন্তেকাল করেন।
এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “হাজী মো. সোরমান আলী ছিলেন রাজপথের একজন ত্যাগী ও লড়াকু সৈনিক। সিলেটের রাজনৈতিক অঙ্গনে এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি বলেন, সোরমান আলীর মৃত্যুতে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি এবং সিলেট বিএনপি পরিবারে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি হাজী মো. সোরমান আলীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।