ডেস্ক নিউজ :
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত ১০টা ২৭ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার জানাজা ও দাফনের বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
পেশায় আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সবশেষ গত ২৭ মে কারাবন্দী স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে হুইলচেয়ারে করে আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন তিনি।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন পরিচিত ও অভিজ্ঞ আইনজীবী ছিলেন।