Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ১১:০৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যার অভিযোগ, ভিডিও ছড়ানোরও দাবি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ১১:০৪ অপরাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাঠি গ্রামে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুধু হত্যাই নয়, বন্যপ্রাণীটিকে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। 


মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে লাঠি গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, গ্রামের একটি বিদ্যালয়ের পাশে এক স্কুলছাত্রী প্রথম মেছো বাঘটিকে দেখতে পায়। এ সময় আতঙ্কিত হয়ে সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে বন্যপ্রাণীটি পাশের একটি কবরস্থানে আশ্রয় নেয়।


পরে কয়েকজন সেখানে গিয়ে মেছো বাঘটিকে খুঁজে বের করে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।


স্থানীয়দের অভিযোগ, বন্যপ্রাণীটিকে হত্যার পাশাপাশি পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। লাঠি গ্রামের শওকত আলীর ছেলে তাজ উদ্দীন মেছো বাঘটি পিটিয়ে হত্যায় অংশ নেন এবং তিনিই ভিডিওটি প্রকাশ করেছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।


ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন বাসিন্দারা বলেন, লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে সেটিকে হত্যা না করে বন বিভাগকে খবর দেওয়া উচিত। বন্যপ্রাণীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


মেছো বাঘ পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের সারী রেঞ্জ অফিসার শাহ আলম বলেন, গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। মেছো বাঘ সাধারণত মানুষের ক্ষতি করে না; বরং ইঁদুর ও ক্ষতিকর কীটপতঙ্গ দমনে ভূমিকা রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে।


তিনি আরও বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে তাকে হত্যা না করে তাৎক্ষণিকভাবে বন বিভাগকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।


সচেতন মহল বলছে, বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এ ধরনের ঘটনায় দ্রুত ও দৃশ্যমান আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com