জকিগঞ্জ প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান মেম্বারের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান গুরুতর আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আব্দুল মন্নান মেম্বার জানান, ঘটনার সময় বাড়িতে তিনি, তাঁর স্ত্রী ও এক মেয়ে ছিলেন। রাত পৌনে ৩টার দিকে একদল ডাকাত প্রথমে বাড়ির কেচিগেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আরও দুটি দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে তারা। ডাকাত দলের প্রায় সাতজন সদস্য ঘরের ভেতরে অবস্থান করলেও আরও কয়েকজন বাইরে পাহারায় ছিল বলে জানান তিনি।
ঘরে প্রবেশের পর ডাকাতেরা আব্দুল মন্নান ও তাঁর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এ সময় তাদের মারধর করা হয়। পরে ঘরে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাতেরা।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ডাকাতেরা প্রায় পাঁচ ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, একটি হার, দুটি আংটি এবং নগদ এক লাখ টাকা নিয়ে গেছে। পরিবারের দাবি, লুট হওয়া মালামালের মোট মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
ডাকাতেরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত আব্দুল মন্নান মেম্বারকে চিকিৎসার জন্য জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো ঘটনাস্থলে রয়েছি। তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।