Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সারাদেশে রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জনদুর্ভোগের চরম সীমা: গাবগাছিয়া-বুরুজবাড়ি সড়ক দ্রুত সংস্কারের দাবি

১৮ আগস্ট ২০২৬ • ১১:০১ পূর্বাহ্ন

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবগাছিয়া গ্রামের হাজারো মানুষের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম ‘গাবগাছিয়া-বুরুজবাড়ি সড়ক’ (Road ID: 201605015) দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশে তৈরি হয়েছে খানাখন্দ ও কাদামাটি। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের প্রয়োজন থাকলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি কাদা ও পানিতে পিচ্ছিল হয়ে পড়ায় যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।


শিক্ষার্থীদের চরম ভোগান্তি


গাবগাছিয়া-বুরুজবাড়ি সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। এর মধ্যে ২০৭নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯নং উত্তর বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৪২নং বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত এ সড়ক ব্যবহার করতে হয়।


এছাড়া স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও যাতায়াতের জন্য সড়কটির ওপর নির্ভরশীল।


স্থানীয়দের ভাষ্য, বৃষ্টি হলে সড়কটি আরও পিচ্ছিল ও কাদাময় হয়ে পড়ে। এ সময় চলাচলের সময় শিক্ষার্থীদের অনেকেই পিছলে পড়ে গিয়ে বই-খাতা নষ্ট করছে। কেউ কেউ আহতও হচ্ছে বলে জানান তারা।


জরুরি রোগী পরিবহনেও ভোগান্তি


স্থানীয়দের দাবি, সড়কটির বেহাল অবস্থার কারণে শুধু শিক্ষার্থী ও সাধারণ মানুষ নয়, জরুরি রোগী পরিবহনেও বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এলাকায় জরুরি রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এই সড়কের ওপর নির্ভর করতে হয়। কিন্তু সড়কটির জরাজীর্ণ অবস্থার কারণে আশঙ্কাজনক রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন তারা।


দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর


২০৭নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক এবং স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম, জাকির আকন, জাকারিয়া আকন ও সাইফুল ইসলাম সড়কটির দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।


তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও নানা সময়ে প্রতিশ্রুতি দেওয়া ছাড়া দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। জনগণের এই মৌলিক সমস্যার সমাধান যিনি করবেন, তিনিই এলাকার মানুষের কাছে প্রকৃত নেতা হিসেবে বিবেচিত হবেন বলে মন্তব্য করেন তারা।


এলাকাবাসীর অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তি চরম আকার ধারণ করে।


এ অবস্থায় জনস্বার্থে এবং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গাবগাছিয়া-বুরুজবাড়ি সড়কটি দ্রুত সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


তারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com