Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে ভারতে পাচারের চেষ্টায় ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক

১৭ আগস্ট ২০২৬ • ১০:৪০ অপরাহ্ন

সিলেটের কানাইঘাটে দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ চার দালালকে আটক করেছে পুলিশ।


সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি মাদ্রাসার সামনে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।


আটক চার দালাল হলেন—কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল বাঙ্গীছড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আছাদ আহমদ, বড়খেরড় গ্রামের বাতা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন এবং দুই সিএনজি অটোরিকশাচালক সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের মৃত হেদায়েতুল ইসলামের ছেলে রফিক আহমদ ও নেত্রকোনা সদর উপজেলার মইন নুরুলীয়া গ্রামের মৃত আবুল কাশের ছেলে এলাছ উদ্দিন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে দুইটি সিএনজি অটোরিকশায় করে ওই ৮ রোহিঙ্গাকে কানাইঘাটে নিয়ে আসা হয়। পরে তাদের দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল। স্থানীয়দের দাবি, সাদ্দাম হোসেন ও আছাদ আহমদের মাধ্যমে তাদের কানাইঘাটে আনা হয়।


আটক ৮ রোহিঙ্গা হলেন—এনায়েত হোসেন (১৮), আব্দুল মুবিন (২৪), জুবের আহমদ (১৮), আজিদা বেগম (১৮), জামিলা বেগম (২০), ফাতেমা বিবি (১৮), নুর ফাতেমা (১৮) ও আজিদা (১৮)। তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।


স্থানীয় সূত্র জানায়, কাজের সন্ধানে ওই রোহিঙ্গারা কুতুপালং ক্যাম্প থেকে বের হয়ে সাদ্দাম ও আছাদের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের দ্রুত দনা সীমান্তে পৌঁছে দিতে কুওরেরমাটি গ্রামের বটরবাজার এলাকায় সুরমা নদীর ঘাটে একটি নৌকাও ভাড়া করে রাখা হয়েছিল।


তবে রোহিঙ্গাদের নিয়ে আসতে দেরি হওয়ায় নৌকার মাঝি একাধিকবার সংশ্লিষ্টদের মোবাইল ফোনে যোগাযোগ করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা কুওরেরমাটি মাদ্রাসার কাছে থাকা দুটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে রোহিঙ্গা ও দালালদের আটক করেন। পরে পুলিশে খবর দিলে তাদের থানায় নেওয়া হয়।


স্থানীয়দের অভিযোগ, সীমান্ত দিয়ে মানবপাচারের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন। তাদেরও তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, দালালসহ ৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে কানাইঘাট হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com