ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চার যুবক লিবিয়া থেকে নৌপথে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর থেকে তাদের সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ চার যুবক হলেন—পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের এনামুল খান, মামুন খান, রিপন মিয়া এবং রনসী গ্রামের তালহা।
নিখোঁজ যুবকদের পরিবারের সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট তারা বাড়িতে ফোন করে জানান, লিবিয়া থেকে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে নৌকায় (গেইমে) উঠবেন। এরপর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ হয়নি।
দীর্ঘদিন ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ যুবকদের সন্ধানে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ-বিদেশে অবস্থানরত কোনো সহৃদয় ব্যক্তি যদি নিখোঁজ চার যুবকের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।