সিলেটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
সিলেট প্রতিনিধি:
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস, সিলেটের যৌথ আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মৎস্য দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে উৎপাদন বৃদ্ধি, উন্নতমানের পোনা সরবরাহ এবং হ্যাচারি ও নার্সারি ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি মৎস্য চাষের বিভিন্ন চ্যালেঞ্জ দূর করতে হবে।
তিনি বলেন, সিলেটে মৎস্য চাষের উপযোগী প্রায় ২৫ হাজার পুকুর রয়েছে। এর মধ্যে বর্তমানে মাত্র প্রায় ৫ হাজার পুকুরে মাছ চাষ হচ্ছে। কৃষিজমির পাশাপাশি বিপুলসংখ্যক পুকুর অনাবাদি পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। এ অবস্থা থেকে উত্তরণে অনাবাদি সব পুকুরকে পরিকল্পিতভাবে মৎস্য চাষের আওতায় আনতে হবে।
বিভাগীয় কমিশনার বলেন, সিলেটের মৎস্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগ এবং মৎস্য চাষি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় এ সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। এর মাধ্যমে সিলেটসহ সমগ্র দেশ মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী এবং সফল মৎস্য চাষি আবু তাহের বিল্লাল।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, সংশ্লিষ্ট অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়।