হবিগঞ্জ প্রতিনিধি: জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাননীয় রেঞ্জ ডিআইজি, সিলেটের নির্দেশক্রমে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদের দিক-নির্দেশনায় এ ড্রিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাশেদুল হক চৌধুরীর নেতৃত্বে সমগ্র হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত এলাকায় সুরক্ষা সরঞ্জামসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স সমাবেশ করা হয়।
ফোর্স মোবিলাইজেশন ড্রিলে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) জনাব এস এম মনসুর মূসা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অংশগ্রহণ করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, আন্তঃইউনিট সমন্বয়, শৃঙ্খলা ও প্রস্তুতির বাস্তব যাচাই করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একইসঙ্গে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পেশাগত দায়িত্ববোধ আরও সুসংহত করতেও এ ধরনের মহড়ার গুরুত্ব রয়েছে।