কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনে প্রায় চার শতাধিক গর্ভবতী মায়ের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আল্ট্রাসাউন্ড ও মেডিকেল ক্যাম্প ‘মা এক্সপ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ব্যতিক্রমী চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ (মেটারনাল এইড এসোসিয়েশন)-এর উদ্যোগে আয়োজিত ক্যাম্পে সহযোগিতা করে কুলাউড়ার স্রোত সাহিত্য পর্ষদ।
ক্যাম্পে গর্ভবতী মায়েদের বিনামূল্যে আল্ট্রাসাউন্ড পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মূত্র পরীক্ষা, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি গর্ভকালীন ও প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে আয়রন, জিংক, ক্যালসিয়ামসহ প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ক্যাম্পে কুলাউড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে গর্ভবতী মায়েরা চিকিৎসাসেবা নিতে আসেন। এতে প্রায় চার শতাধিক মা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।
মা এক্সপ্রেসের সিলেট ডিভিশন প্রধান ডা. ফয়জুল হাসান চৌধুরী বলেন, “কুলাউড়ায় মাতৃসেবার আমাদের উদ্যোগটি অভূতপূর্ব সাড়া পেয়েছে। এটা আমাদের জন্য বলা যায় পাইলটিং একটা ক্যাম্পেইন। আশা করি আগামী সময়ে আরও বৃহৎ পরিসরে কুলাউড়াসহ সিলেটের অন্যান্য অঞ্চলে এরকম ক্যাম্পেইন চালু রাখার প্রচেষ্টা থাকবে।”
মা এক্সপ্রেসের কুলাউড়া সমন্বয়ক সিপার আহমেদ বলেন, “মা এক্সপ্রেস শুধু একটি মেডিকেল ক্যাম্প নয়, এটি গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার একটি মানবিক উদ্যোগ। প্রত্যন্ত এলাকার অনেক মা প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের কাছে বিনামূল্যে এই সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কুলাউড়ার মানুষের আন্তরিক সহযোগিতা আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
কুলাউড়ার সহযোগী সংগঠন স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমন বলেন, “গর্ভবতী মায়েদের পাশে দাঁড়ানোর মতো একটি মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাও আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। মা এক্সপ্রেসের মতো উদ্যোগে কুলাউড়ার মানুষের পাশে থেকে আমরা ভবিষ্যতেও সহযোগিতা করতে চাই।”
‘মা’ (মেটারনাল এইড এসোসিয়েশন) যুক্তরাজ্য নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানকে স্থানীয়ভাবে একটি মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।