টাঙ্গুয়ার হাওরে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট, ৮ নৌকাকে জরিমানা
সুনামগঞ্জ।
সুনামগঞ্জের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে ৮টি ইঞ্জিনচালিত নৌকার বিরুদ্ধে মামলা করে মোট ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের অপরাধে ৮টি ইঞ্জিনচালিত নৌকার বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। এ সময় তাহিরপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সংরক্ষিত এলাকা, জলজ ও স্থলজ জীববৈচিত্র্য এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য পর্যটকদের আহ্বান জানানো হয়।
পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও রামসার সাইট। এ হাওরের জীববৈচিত্র্য, জলজ পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পর্যটক ও পর্যটনসংশ্লিষ্ট নৌযান পরিচালনাকারীদের পরিবেশ সংরক্ষণে বিদ্যমান আইন ও বিধিনিষেধ মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পর্যটক ও স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।