Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে গর্তে ধাক্কা খেয়ে পিকআপ উল্টে নিহত কানাইঘাটের ফয়েজ, আহত ৪

১৪ আগস্ট ২০২৬ • ০৯:০৭ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুরে মহাসড়কের গর্তে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে যাত্রীবাহী একটি মিনি পিকআপ। এতে ফয়েজ আহমদ (নাম) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।


শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উমনপুর এলাকায় সিলেট-জাফলং আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ফয়েজ আহমদ কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে। তিনি বিবাহিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


স্থানীয়রা জানান, সিলেটে গ্যাস সংকটের কারণে যাত্রীবাহী বাস ও লেগুনার সংকট থাকায় রাতে ১০-১৫ জন যাত্রী একটি মিনি পিকআপে করে জৈন্তাপুরের দিকে বাড়ি ফিরছিলেন। উমনপুর জামে মসজিদ ও উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালে মহাসড়কের একটি গর্তে পিকআপটি জোরে ধাক্কা খায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


তামাবিল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, জাফলংগামী পিকআপটির নম্বর সিলেট মেট্রো-ন-১১-১৭১৮। উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে ফয়েজ আহমদ, অজ্ঞাতনামা চালকসহ আরও চারজন গুরুতর আহত হন।


এ ঘটনায় তামাবিল হাইওয়ে থানায় জিডি নং-৩০৪, তারিখ ১৪ আগস্ট, নথিভুক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন channeljaintanews24.com