নিজস্ব প্রতিবেদক, সিলেট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গত রবিবার (৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. আক্তারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৭(১) অনুযায়ী মিফতাহ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের ফলে আগামী তিন বছর তিনি সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময়ে সিলেট নগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নাগরিকদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা এবং ওয়াসার সার্বিক সেবার মানোন্নয়নে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করবেন তিনি।
সরকারের এ নিয়োগের মধ্য দিয়ে সিলেট নগরীর পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় নতুন নেতৃত্বের সূচনা হলো।