লাফার্জ-হোলসিম শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগস্ট, মনোনয়ন কিনেছেন ২১ জন
ছাতক প্রতিনিধি।
ছাতকে বাংলাদেশের বৃহত্তম কোম্পানি লাফার্জ-হোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন আগামী ৩০ আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও বিরাজ করছে। গত ১২ আগস্ট ছিল মনোনয়ন ফরম সংগ্রহের নির্ধারিত দিন। ওইদিন মোট ২১ জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচনে জাতীয়তাবাদী শ্রমিকদল সমর্থিত একটি প্যানেল অংশ নিচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা জহির উদ্দিনের নেতৃত্বে অপর একটি প্যানেলও নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
এ ছাড়া পূর্বে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত শ্রমিক ইউনিয়নের কেবিনেটের অনেক সদস্যও এবারের নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।
দীর্ঘদিন পর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় লাফার্জ-হোলসিমের শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও প্যানেলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে ইতোমধ্যে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
লাফার্জ-হোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আল আমিন হাওলাদার।