সিলেট সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে ৪৮ বিজিবি
ডেস্ক নিউজ:
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, সবজি, চিনি, বাসমতি চাল, ফল, বিড়ি ও এনার্জি ড্রিংকসহ বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও মালামাল বহনকারী বারকি নৌকা আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, সোনারহাট, উৎমা, পাথরকোয়ারী, প্রতাপপুর, সংগ্রাম ও তামাবিল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, আটক করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ টাকা। এসব মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।