মালদ্বীপে বাংলাদেশিদের আরও কর্মসংস্থান চান হুমায়ুন কবির
অনলাইন ডেস্ক : মালদ্বীপে বাংলাদেশি জনশক্তির জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশটিতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বুধবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের মধ্যে পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
মানবসম্পদ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে হুমায়ুন কবির মালদ্বীপে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের অনুরোধ জানান। একই সঙ্গে দেশটিতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। দুই দেশের মধ্যে পারস্পরিক কল্যাণমূলক সম্পৃক্ততা আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন হুমায়ুন কবির ও শিউনিন রাশীদ।