গোয়াইনঘাট প্রতিনিধি:
দায়িত্ব গ্রহণের পর থেকে গোয়াইনঘাট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁর নেতৃত্বে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।
স্থানীয়দের মতে, ভারত সীমান্তবর্তী গোয়াইনঘাট এলাকায় অবৈধ আদান-প্রদান, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান জোরদার হয়েছে। নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির ফলে এসব অপরাধমূলক কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তারা। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে পুলিশের সক্রিয় ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভাষ্য, ওসি মো. ওমর ফারুক মোড়ল জনবান্ধব পুলিশিং, দ্রুত সেবা প্রদান এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। দায়িত্ব পালনে তাঁর পেশাদারিত্ব ও সক্রিয়তার কারণে থানার সার্বিক কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে, চলতি মাসে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ায় মো. ওমর ফারুক মোড়লকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
তারা বলেন, একজন দায়িত্বশীল ওসি হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে গোয়াইনঘাটের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।