সিলেটে বাস দুর্ঘটনা: ৯ প্রাণহানির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরে নারী ও শিশুসহ ৯ জনের প্রাণহানির ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিলেট জেলা প্রশাসন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাকে প্রধান করে গঠিত কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সড়ক ও জনপথ বিভাগের একজন করে প্রতিনিধি এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে সদস্য করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সময় মহাসড়কটি ফাঁকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি কিংবা চালকের ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এটি শুধুই প্রাথমিক ধারণা। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ, আনুষঙ্গিক বিষয়াদি এবং এ ঘটনায় কারও দায়দায়িত্ব রয়েছে কি না, তা নিরূপণে তদন্ত কমিটি কাজ করবে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের তিন লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে ওসমানীনগরের কাশিকাপুর এলাকায় ‘ইউনিক পরিবহন’ ও ‘বেঙ্গল পরিবহন’ নামের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯ জন নিহত ও ১৬ জন আহত হন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান। পরে ৩ থেকে ৪ বছর বয়সী এক শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।