Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ১২:০৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

যুগোপযোগী প্রযুক্তির জ্ঞানে সাংবাদিকদের সমৃদ্ধ হতে হবে: ভিসি জহির

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ১২:০৫ পূর্বাহ্ন

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিগত ৩০ বছর, এমনকি সর্বশেষ ১০ বছরেও বিশ্বব্যাপী ব্যাপক পরিবর্তন ঘটেছে। বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে সংবাদমাধ্যমে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। গণমাধ্যমে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যেকোনো তথ্য, স্থিরচিত্র ও ভিডিওচিত্র এখন এআইয়ের মাধ্যমে যাচাই করা সম্ভব।


শনিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এবং দি আইটি এইডের সহযোগিতায় ক্লাবের সদস্যদের জন্য আয়োজিত ‘সাংবাদিকদের জন্য এআই সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, গণমাধ্যম সমাজের আয়না। যুগের প্রয়োজনে টেলিগ্রাফের মতো প্রতিষ্ঠিত প্রিন্ট মিডিয়ায় সার্কুলেশন কমেছে। তারা এখন অনলাইন ভার্সনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মানুষ এখন অনলাইন গণমাধ্যমের ব্যাপ্তি, পরিধি ও গ্রহণযোগ্যতার সুফল পাচ্ছে। এজন্য যুগোপযোগী প্রযুক্তির জ্ঞানে সাংবাদিকদের সমৃদ্ধ হতে হবে।


সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত সেমিনারে ক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন দি আইটি এইডের এডমিন অফিসার আশরাফুল ইসলাম গুলজার।


সেমিনারে ‘প্রযুক্তির শক্তিতে দক্ষ সাংবাদিকতা, নির্ভুল তথ্য ও বিশ্বাসযোগ্য সংবাদ’ প্রতিপাদ্যের আলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল স্কিল ও ফ্যাক্ট-চেকিং নিয়ে আলোচনা করেন দি আইটি এইডের ফ্যাকাল্টি মেম্বার আহসান আহমেদ বখতিয়ার ও ইফাজ উদ্দিন।


সেমিনারে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে সিলেট অনলাইন প্রেসক্লাবের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।


সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে সাংবাদিকদের নতুন প্রযুক্তির ব্যবহারের সঙ্গে অভ্যস্ত হতে হবে। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে কাজের পরিধি যেমন সহজ হচ্ছে, তেমনি দায়িত্বশীলতাও বেড়েছে। অনলাইন গণমাধ্যমের সংবাদ সহজেই ছড়িয়ে পড়ে। তাই আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com