বিশ্বনাথ প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. রইছ উদদীন বলেছেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার শিক্ষা নেই। তাই নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তিরাও অনেক সময় চিনে না তার মা-বাবাকে। এজন্য সবকিছুর আগে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, একজন শিক্ষার্থী যেন নীতি-নৈতিকতায় সবার ঊর্ধ্বে থাকে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। যাতে ভবিষ্যতে সে দেশ ও সমাজকে শুদ্ধ করার চেষ্টা করে। সমাজ বা দেশে সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে তার কণ্ঠস্বর জাগ্রত হবে। আমাদের এমন শিক্ষার্থীই তৈরি করতে হবে।
পাশাপাশি বিশ্বের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে তথ্য ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা’র ২৬তম বৃত্তি প্রদান ও ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ড. রইছ উদদীন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ‘লার্ণিং উইথ হ্যাপিনেজ’ কর্মসূচি গ্রহণ করছেন। এর লক্ষ্য হলো শিক্ষার্থীর শিক্ষা জীবনকে বাস্তবায়িত করা। এ কর্মসূচি সত্যিকার অর্থে বাস্তবায়িত হলে শিক্ষা ক্ষেত্রে অনন্য বিপ্লব সাধিত হবে।
বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি শফিক আহমদ পিয়ার মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
এছাড়া অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।