ওসমানী নগর প্রতিনিধি।
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যপ্রবাসী মতছির চৌধুরী জনির উদ্যোগে এবং যুক্তরাজ্যে বসবাসরত বুরুঙ্গা ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে মাঠে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। এ কাজে সার্বিক সহযোগিতা করছে বুরুঙ্গা ইউনিয়ন ফুটবল ক্লাব।
জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠটির বিভিন্ন অংশ নিচু থাকায় বৃষ্টির সময় পানি জমে কাদা সৃষ্টি হয়। এতে নিয়মিত খেলাধুলা ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় ক্রীড়াবান্ধব পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই সমস্যা সমাধানে প্রবাসীদের সহযোগিতায় মাঠ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।
প্রবাসীদের অনুদানে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৪ হাজার ৬০০ টাকা সংগ্রহ করা হয়েছে। ওই অর্থ দিয়ে মাঠের একটি অংশে মাটি ভরাটের কাজ সম্পন্ন হলেও এখনও বেশ কিছু অংশে কাজ অসম্পূর্ণ রয়েছে। ফলে বৃষ্টির সময় মাঠে পানি জমে খেলাধুলায় বিঘ্ন ঘটছে।
বুরুঙ্গা ইউনিয়ন ফুটবল ক্লাবের খেলোয়াড়রা জানান, বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্বপ্ন ছিল এই মাঠকে একটি আধুনিক ক্রীড়াঙ্গনে পরিণত করা। সেই স্বপ্ন বাস্তবায়নে মাঠটিকে একটি আধুনিক মিনি স্টেডিয়ামে রূপান্তরের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানান তারা।
তাদের মতে, একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মিত হলে এলাকার তরুণদের জন্য নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে, নতুন প্রতিভাবান খেলোয়াড় গড়ে উঠবে এবং যুবসমাজ মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। পাশাপাশি ওসমানীনগরে ক্রীড়াঙ্গনের আরও বিকাশ ঘটবে।
এ সময় উপস্থিত ছিলেন বুরুঙ্গা ইউনিয়ন ফুটবল ক্লাবের অন্যতম উপদেষ্টা হেলাল আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী কাশেম, টিম ম্যানেজমেন্ট ও প্রচার সম্পাদক জাবেদ চৌধুরী, সদস্য আব্দুর রহিম মুসা, রাজিব আহমদ, মাসুম আহমদ, তানভীর, জামিল, টিপু, রাহাত, সাকিব, তামিম, হামিমসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
প্রকাশিত দাতাদের তালিকা অনুযায়ী অনুদান প্রদানকারীদের মধ্যে রয়েছেন ইলিয়াছ আলী, সারওয়ার চৌধুরী, ইব্রাহিম আলী, শাহিন আহমদ চৌধুরী, আশরাফ আহমদ কায়েছ, লাহিন চৌধুরী, জুবের চৌধুরী, হাসাদ চৌধুরী, সালমান উদ্দিন, মকছুদ চৌধুরী, জাবেদ আহমদ, আল-আমিন চৌধুরী, রাজা মিয়া, দেলোয়ার হোসেন লিটন, নজরুল ইসলাম, সুমন মিয়া ও সাহেদুর চৌধুরীসহ যুক্তরাজ্যপ্রবাসী বুরুঙ্গা ইউনিয়নের একাধিক ব্যক্তি।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা অবশিষ্ট মাটি ভরাটের কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে মাঠটিকে একটি আধুনিক মিনি স্টেডিয়াম হিসেবে উন্নয়নের দাবি জানিয়েছেন। তাঁদের বিশ্বাস, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ওসমানীনগরে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।