সিলেটে র্যাবের অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি:
সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮৮২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব-৯-এর সিপিএসসি, সিলেটের একটি অভিযানিক দল বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুচর নতুন বাজারসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে অভিযানিক দল দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় অপর একজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে বিপুল পরিমাণ বিদেশি মদ মজুত থাকার তথ্য পাওয়া যায়। পরে তাদের দেখানো তথ্যের ভিত্তিতে বাড়ির নিচতলার একটি স্টোররুম থেকে বিভিন্ন প্লাস্টিকের ব্যাগে সংরক্ষিত মোট ৮৮২ বোতল বিদেশি মদ, যার পরিমাণ ৪৫০.১১৫ লিটার, উদ্ধার করা হয়।
উদ্ধার করা মদের মধ্যে রয়েছে রয়্যাল গ্রিন, রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি, ব্লেন্ডার্স প্রাইড, স্টার্লিং রিজার্ভ, সিগনেচার প্রিমিয়ার গ্রেইন হুইস্কি, আইকনিক হোয়াইট, ওল্ডমঙ্ক, আইস ভদকা, ম্যাজিক মোমেন্টস এবং কিংফিশারসহ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের শাহপরাণ থানাধীন উত্তর বালুচর এলাকার আবু শিতাব (৪০), পিতা ইনরুস আলী এবং মো. মমর আলী (২৪), পিতা মো. ফিরুজ মিয়া।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে যে, পলাতক ব্যক্তিসহ পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা মদসহ গ্রেপ্তার ব্যক্তিদের শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।