নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বহরে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। হামলায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে সভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে শহরের কোর্ট মসজিদ এলাকায় তাদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
পরে শহরের সোনালি ব্যাংকের সামনে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হন।
হামলার সময় সারজিস আলম সোনালি ব্যাংক চত্বরে গিয়ে আশ্রয় নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সারজিস আলমকে উদ্ধার করে নিরাপদে হবিগঞ্জ সার্কিট হাউজে নিয়ে যায়।
এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকদের বলেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।