বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: হবিগঞ্জের একমাত্র আসামি শাহীন সিলেট থেকে র্যাবের হাতে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:
বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় হবিগঞ্জ সদর থানার মামলার একমাত্র আসামি শাহীন মিয়াকে (২৪) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সিলেটের জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ঘোষপশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৯ জানায়, ভুক্তভোগী কিশোরী হবিগঞ্জ সদর উপজেলার উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা। অভিযুক্ত শাহীন মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি। বিভিন্ন সময় কাজের অজুহাতে তিনি ভুক্তভোগীর বাড়ির আশপাশে যাতায়াত করতেন এবং একপর্যায়ে কৌশলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৩ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগীর বাবা-মা বাড়ির বাইরে থাকার সুযোগে শাহীন মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়ি থেকে বের করে হবিগঞ্জ সদর উপজেলার ইনাতাবাদ এলাকার খোয়াই নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। পরে কিশোরী বিয়ের দাবি জানালে অভিযুক্ত তা অস্বীকার করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলে পুরো ঘটনা প্রকাশ পায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং সিপিএসসি, সিলেটের যৌথ অভিযানে আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।