Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১১:৫১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট অনলাইন প্রেসক্লাবের ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পাচ্ছেন চার সাংবাদিক

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১১:৫১ পূর্বাহ্ন

সিলেট: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাব প্রবর্তিত ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ পাচ্ছেন সিলেটে কর্মরত চারজন সাংবাদিক। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী এবং জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হচ্ছে।


এবারের অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন— প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সময় টেলিভিশনের রিপোর্টার জয়ন্ত কুমার দাস এবং চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার আজহার উদ্দিন শিমুল, আর অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে বার্তা টোয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি মো. মোশাহিদ আলী।


সিলেট অনলাইন প্রেসক্লাবের গঠিত জুরিবোর্ড প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে জুলাই গণঅভ্যুত্থানকালীন ও পরবর্তী সময়ে প্রকাশিত ও সম্প্রচারিত প্রতিবেদনের মান, গুরুত্ব এবং পেশাগত উৎকর্ষ বিবেচনায় এ চার সাংবাদিককে ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’-এর জন্য মনোনীত করেন।


জুরিবোর্ডের নেতৃত্ব দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ এবং মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার। জুরিবোর্ডকে সার্বিক সহযোগিতা করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।


উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং শহীদ সাংবাদিক এটিএম তুরাব-এর অবদানকে সম্মান জানাতে গত বছর থেকে সিলেট অনলাইন প্রেসক্লাব এ অ্যাওয়ার্ড চালু করেছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের মধ্য থেকে প্রতিবছর এ সম্মাননা প্রদান করা হয়। গত বছর, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে এ সম্মাননা লাভ করেন দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার সিদ্দিকী মিদুল।


আগামী ৩ আগস্ট ২০২৬, সকাল ১১টা ৩০ মিনিটে, সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত চার সাংবাদিকের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৯.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com