নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের সমাপনী: প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বিজয়ীরা
অনলাইন ডেস্ক :
দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে পৌঁছে প্রধানমন্ত্রী মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করলে পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ ও করতালিতে মুখর হয়ে ওঠে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম।
প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। খেলা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে শিক্ষার্থীদের পরিবেশিত বর্ণিল ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করে।
আয়োজকদের মতে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তোলার ভিত্তি তৈরি করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ, মনোজ্ঞ ডিসপ্লে, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের জাতীয় পর্বের সফল সমাপ্তি ঘটে।