জৈন্তাপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবী নিয়োগে আবেদন আহ্বান
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে জৈন্তাপুর উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে স্বেচ্ছাসেবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, "ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬" অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলায় আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
তথ্য সংগ্রহকারী পদে আবেদন করতে হলে প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস, বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারে নির্ধারিত পরীক্ষায় ৭০ শতাংশ বা তার বেশি নম্বর অর্জন করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট শুমারি এলাকার স্থায়ী বাসিন্দা অথবা এলাকা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, বাংলায় সাবলীলভাবে পড়া, লেখা ও কথা বলায় দক্ষ এবং শারীরিকভাবে মাঠপর্যায়ে কাজ করতে সক্ষম হতে হবে। নারী প্রার্থীদের ৫০ শতাংশ অগ্রাধিকার, স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রিধারী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর জরিপে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
সুপারভাইজার পদে আবেদনকারীর ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, বয়স ২৫ থেকে ৪৫ বছর এবং ট্যাবলেট ও ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা পরীক্ষায় কমপক্ষে ৮০ শতাংশ নম্বর অর্জন বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান, ওয়ার্ড সীমানা সম্পর্কে বিস্তারিত জ্ঞান এবং দল পরিচালনা ও ডিজিটাল যোগাযোগে দক্ষতা থাকতে হবে। সুপারভাইজারদের প্রতি ৯ জন তথ্য সংগ্রহকারীর জন্য একজন করে নিয়োগ দেওয়া হবে। তাদের দায়িত্বের মধ্যে থাকবে গণনা এলাকা পরিদর্শন, ৫ থেকে ১০ শতাংশ পরিবারের তথ্য পুনঃযাচাই (Re-check), প্রতিদিন ওয়েব অ্যাপে রিপোর্ট দাখিল এবং ট্যাবলেট ও ডেটা সিংক নিশ্চিত করা।
ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত বেতনভুক্ত কর্মরত ব্যক্তি, ব্যবহারিক পরীক্ষায় নির্ধারিত নম্বর অর্জনে ব্যর্থ ব্যক্তি এবং পূর্বে তথ্য জালিয়াতির দায়ে বরখাস্ত বা দণ্ডিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ এবং পেশাগত পরিচয়পত্র বা প্রয়োজনীয় প্রমাণক সংযুক্ত করতে হবে।
আবেদন ফরম উপজেলা সমাজসেবা কার্যালয়, জৈন্তাপুর থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নির্ধারিত ফেসবুক লিংক থেকেও আবেদন ফরম পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফরম বিতরণ চলবে ২১ জুলাই থেকে ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আবেদন জমা দেওয়া যাবে ২১ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুলাই ২০২৬, সকাল ১০টায়।
শুমারি কার্যক্রমে নিয়োজিতদের প্রতিদিন ন্যূনতম ৮ ঘণ্টা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য প্রযুক্তিতে দক্ষতা, তথ্যের নির্ভুলতা ও গোপনীয়তা রক্ষা বাধ্যতামূলক। ট্যাবলেট নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং অবহেলার কারণে ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে। কোনো পরিবারকে ফ্যামিলি কার্ড পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া বা ভয়ভীতি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ইচ্ছাকৃত তথ্য জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সম্মানী বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়-কে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী-কে সদস্যসচিব হিসেবে উল্লেখ করা হয়েছে।