বাগেরহাটে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৭ ছাত্রলীগ কর্মী আটক, ব্যানার ও লাঠি জব্দ
বাগেরহাট প্রতিনিধি:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৫টার দিকে বাগেরহাট পৌরসভার রেলরোড মাইক্রোস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কয়েকজন যুবক একটি ব্যানার এবং মিছিলে ব্যবহারের জন্য বাঁশ ও কাঠের লাঠি নিয়ে সেখানে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— মো. শাহিন ফকির, মো. লিটন চাপরাশি, মো. শামীম হোসেন, মো. রাতিন ইসলাম হৃদয় মোল্লা, মো. সিরাজ শেখ, মো. আরিফুল ইসলাম, মো. রিয়াদ শেখ, মো. নাজমুল হাসান, মাহিম হাওলাদার, আব্দুল কাইয়ুম, মো. হাবিবুল্লাহ খান, অংকুন মালী, মেগনাথ মালী, নাজমুল তালুকদার ওরফে শাকিল, সাদমিন ফাহিম, রাব্বি তালুকদার এবং হাচান হাওলাদার।
অভিযানকালে একটি ব্যানার জব্দ করা হয়। পাশাপাশি মিছিলে ব্যবহারের জন্য আনা কয়েকটি বাঁশ ও কাঠের লাঠিও জব্দ করেছে পুলিশ।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।